নিউজিল্যান্ডের নাটকীয় জয়!

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছে ইংল্যান্ড দল। সিরিজের প্রথম ম্যাচে ১৫ বছর পর স্বাগতিকদের বড় ব্যবধানেও হারায় ইংলিশরা। সেই দাপট দেখা যায় দ্বিতীয় ম্যাচেও। তবে হুট করে কি থেকে কি হয়ে গেল! হারতে থাকা ম্যাচ নিউজিল্যান্ড জিতে নিল ১ রানের ব্যবধানে। আর এতে করে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়। যা কিনা কেউ চিন্তাও করতে পারেনি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ফলো অন খেয়েছিল কিউইরা। আশা ছাড়েনি তারা। ওয়েলিংটনের শেষ দিন এমন একটা ফল অপেক্ষা করছে তা হয়তো কেউ প্রত্যাশাও করেননি। ফলো অন থেকে অভাবনীয় প্রত্যাবর্তন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকবে এই টেস্ট ম্যাচটি। প্রথম ইনিংসে ৪৩৫-৮ স্কোরে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। 

জবাবে কিউইরা মাত্র ২০৯ রানেই অলআউট হয়ে যায়। তবে ফলো অন খেয়ে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে স্বাগতিকরা। এতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৮ রানের। যা তাড়া করতে গিয়ে ২৫৬ রানেই অলআউট হয়ে যায় ইংলিশরা।