‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২২

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনাল খেলার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখনো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে টাইগারদের। যে ম্যাচগুলো খেলে এখনো ফাইনালে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের হাতে এখনও ছয়টি টেস্ট রয়েছে। শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে বাংলাদেশের প্রয়োজন আরও ৪৭ পয়েন্ট।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ সম্ভব (ফাইনাল খেলা)। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে আমরা এখন যে কোনো দলকে হারাতে পারি। এই বিশ্বাস সবারই প্রয়োজন। স্কিল আছে, খেলোয়াড় আছে, বিশ্বাসই আছে। এই বিশ্বাস থাকলে আপনি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারাবেন।’

মুশতাক বলেন, ‘পাকিস্তানে সবুজ পিচে আমরা টেস্ট হারিয়েছি। এরপর যখন ওরা এখানে এলো, টার্নিং পিচ নয়, গ্রিন পিচে খেলেই ওদের হারিয়েছি। স্পিনাররা গ্রিন পিচে বল স্পিন করাচ্ছে। হারার ভয় না থাকলেই আপনি জিততে পারবেন। আর কোচ হিসেবে এই মাইন্ডসেট পরিবর্তন করাই আমাদের কাজ। এটার কৃতিত্ব নির্বাচক, কোচ, সব খেলোয়াড়ের, সব স্টেকহোল্ডারের। তারাই বিশ্বাস করে, আমরা এখন যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারি।’

দলের সবার প্রতি এবং সর্বোপরি আল্লাহর প্রতিও কৃতজ্ঞ প্রকাশ করে টাইগারদের স্পিন বোলিং কোচ বলেন, ‘আমি খুবই খুশি। আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটার কৃতিত্ব সবার- খেলোয়াড়, কোচ সবার। আমার একার নয়। সবাই একই পৃষ্ঠায় আছি। আমি যাদের নিয়ে কাজ করি তারা ম্যাচ জয়ের চেষ্টা করতে পারে যেকোনো মুহূর্ত থেকে। তাই যে কাউকেই আমরা চ্যালেঞ্জ করতে পারি।’

ইত্তেফাক/জেডএইচ