একাদশে ফিরলেন তামিম-তাইজুল, সুযোগ হয়নি হৃদয়ের

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নেমেছে টিম টাইগার্স।

এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন টাইগারদের নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইনজুরির কারণে সর্বশেষ ভারত সিরিজে দলের বাইরে ছিলেন এই ওপেনার। 

তামিমের ফেরাটা প্রত্যাশিতই ছিল, তবে স্পিনার তাইজুল ইসলামের ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে দাক পাওয়াটা অনেকটা অপ্রত্যাশিত। সাদা পোশাকে বাংলাদেশের অন্যতম সেরা বোলারকে দীর্ঘদিন পর রঙ্গিন পোশাকে দেখা যাবে এই সিরিজে।

এদিকে, বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সাড়া জাগিয়ে বাংলাদেশ দলে ডাক পেলেও প্রথম ওয়ানডেতে অবশ্য একাদশে সুযোগ হয়নি মারকুটে ব্যাটার তৌহিদ হৃদয়ের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, মঈন আলী, উইল জ্যাকস,  ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।