প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। তৃতীয় ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে বুধবার (১ মার্চ) তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত।
অন্য দিকে সিরিজ হার এড়ানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না অজিরা। নাগপুরে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনের বোলিং তোপে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারায় ভারত। দুই স্পিনার মিলে ১৫ উইকেট শিকার করেন। অশ্বিন ৮টি ও জাদেজা ৭ উইকেট নেন। দুই ইনিংসে অস্ট্রেলিয়া করতে পারে যথাক্রমে ১৭৭ ও ৯১।
প্রথম টেস্টের মত দিল্লিতেও জাদেজা ও অশ্বিনের তোপে দিশেহারা ছিলো অস্ট্রেলিয়া। দুই ইনিংসে ২৬৩ ও ১১৩ রান করে তারা। ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-০ লিড নেয় ভারত। এ টেস্টে জাদেজা ১০ উইকেট নেন। অশ্বিনের শিকার ছিলো ৬টি। প্রথম টেস্টের মত দ্বিতীয় ম্যাচেও সেরা হন জাদেজা।প্রথম দুই টেস্ট জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৪ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ভারত। ৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট জিতলে ৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠবে ভারত। ৬৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে যাবে অসিরা। চতুর্থ ও শেষ টেস্ট হারলে বা ড্র করলেও, টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থেকে ফাইনাল নিশ্চিত করবে ভারত।
প্রথম দুই টেস্টের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে তৃতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। তৃতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই। দলের পারফরমেন্সে খুশি আমি। এখানেই থেমে গেলে চলবে না আমাদের। পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে হবে।’ এ ম্যাচ জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের মত দ্বিতীয় আসরেও ফাইনালের টিকিট পাবে ভারত। এ ব্যাপারে রোহিত বলেন, ‘আমাদের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের ভালো সুযোগ আছে । সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে চাই।’
সিরিজ হারের মুখে পড়ে কঠিন চ্যালেঞ্জের সামনে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে সিরিজের বাকী অংশে খেলবেন না ডেভিড ওয়ার্নার-জশ হ্যাজেলউড। মায়ের অসুস্থতার কারণে ইতোমধ্যে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিবেন সাবেক নেতা স্টিভেন স্মিথ। তিনি বলেন, ‘আমরা এখন কঠিন চাপের মধ্যে আছি। তবে এটি আমাদের পারফরমেন্সে প্রভাব ফেলবে না। ঘুড়ে দাঁড়াতে আমরা আত্মবিশ্বাসী। ব্যাটাররা ভালো করতে পারলে ম্যাচে আধিপত্য বিস্তার করা সম্ভব হবে। সিরিজে প্রথম জয়ের জন্য আমরা মুখিয়ে আছি।’
ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। স্টার্ক বলেন, ‘আমি ভালই আছি। একটু অস্বস্তি থাকবেই। বল করতে গিয়ে ভাল অনুভূতি হচ্ছে। আশা করছি খেলার সুযোগ পাবো। বল হাতে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’