নির্বাচনী প্রচারে মাত্রাতিরিক্ত খরচ, এমপি পদ খোয়াতে পারেন সানি দেওল

নির্বাচনী প্রচারে মাত্রাতিরিক্ত খরচ করে বিপাকে অভিনেতা তথা বিজেপির নবনির্বাচিত এমপি  সানি দেওল। ইতোমধ্যেই তাকে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানা গিয়েছে। এমনকি এমপি পদটিও খোয়াতে হতে পারে সানিকে। খবর আনন্দবাজার পত্রিকার

প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীর জন্য নির্দিষ্ট নির্বাচনী খরচ বেঁধে দিয়েছে কমিশন। যার আওতায়, একজন প্রার্থী ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। কিন্তু সানি দেওল প্রায় ৮৬ লক্ষ টাকা খরচ করেছেন বলে সমপ্রতি একাধিক অভিযোগ জমা পড়ে কমিশনের কাছে। তার পরই অভিনেতাকে নোটিশ পাঠানো হয় বলে জানা  গেছে।

নির্বাচনী খরচ সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘন করলে বিজয়ী প্রার্থীর এমপি পদ পর্যন্ত বাতিল করেত পারে কমিশন। সেই জায়গায় দ্বিতীয় স্থানাধিকারীকে বিজয়ী ঘোষণা করা যেতে পারে। তাই দুশ্চিন্তা বাড়ল সানির।

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত সানি দেওল। একাধিক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। বাবা ধর্মেন্দ্র এবং সত্ মা হেমা মালিনীকে অনুসরণ করে সমপ্রতি বিজেপির হাত ধরে রাজনৈতিক যাত্রা শুরু করেন সানি। পাঞ্জাব কংগ্রেসের প্রধান সুনীল জাখরকে ৮০ হাজার ভোটে হারিয়ে গুরুদাসপুর থেকে জয়লাভ করেন তিনি। গত মঙ্গলবার এমপি হিসেবে শপথ নেন।