বিবিসি
ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭ বিধ্বস্তের ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারীদের একটি দল বুধবার এই চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনেন বলে বিবিসি জানিয়েছে।
অভিযুক্ত চারজন হলেন, রাশিয়ার ইগোর গিরকিন, সার্গে ডাবিনস্কাই ও লেগ পুলাটভ এবং ইউক্রেনের লিওনিদ খারসেনেকো। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলে এমএইচ ১৭ ফ্লাইট নম্বরের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে ইউক্রেন পার হওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়া বিমানটিতে থাকা ২৯৮ জনের সবাই নিহত হন। ইউক্রেন এবং পশ্চিমা বিশেষজ্ঞরা ওই সময় অভিযোগ করেছিলেন, পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীরাই বিমানটিকে ভূপাতিত করেছে। তবে রাশিয়া এবং বিদ্রোহী সূত্রগুলোও বরাবরই এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।
ঘটনাস্থলে তদন্ত চালানো ডাচ বিশেষজ্ঞরা বলেন, তারা ঘটনাস্থলে এমন কিছু ধাতব টুকরো বস্তু পেয়েছেন, যা সম্ভবত রাশিয়ায় তৈরি বাক জাতীয় ভূমি থেকে আকাশে উেক্ষপণযোগ্য ক্ষেপণাস্ত্রের টুকরো। এর আগে ২০১৬ সালেও নেদারল্যান্ডসের তদন্তকারীরা বলেছিলেন, রুশ ক্ষেপণাস্ত্র বাক-৯এম৩৮-এর আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়।