শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ নিশাত আব্দুল্লাহ’র ওপর হামলার ঘটনায় মামলায় সাতক্ষীরা সদর থানার সহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুজ্জামান শেখকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১ মার্চ) রাত ৮টায় তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, তার বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে, বৃহস্পতিবারও (২ মার্চ) দ্বিতীয় দিনের মতো চিকিৎসকদের ধর্মঘট চলছে।
খুলনা জেলা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, বুধবার বেলা ১১টার দিকে চিকিৎসকদের সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
২৫ ফেব্রুয়ারি (শনিবার) ভুল চিকিৎসার অভিযোগ এনে নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের এএসআই নাঈম ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। এছাড়া অপারেশন থিয়েটারে ভাঙচুর চালান তারা। ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ভুল চিকিৎসা ও স্ত্রীকে গভীর রাতে আপত্তিকর এসএমএস দেওয়ার অভিযোগ এনে ডা. নিশাত আব্দুল্লাহ ও হক নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল হক ফকিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এএসআই নাঈমুজ্জামান শেখের স্ত্রী নুসরত আরা ময়না বাদী হয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন।