জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগর উপজেলার আনছারবাড়িয়া রেল স্টেশনের কার্যক্রম বন্ধের প্রতিবাদে এবং স্টেশনের প্রশাসনিক কার্যক্রম আবার চালুর দাবিতে বুধবার রেললাইন অবরোধ করেছে এলাকাবাসী। এসময় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ১০টায় ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি অলাভজনক দেখিয়ে আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় এবং স্টেশন মাস্টারকে প্রত্যাহার করে নেয়। তবে সেখানে কয়েকটি লোকাল ট্রেন যাত্রা-বিরতি করে। স্টেশনমাস্টার না থাকায় সেখান থেকে যাত্রীরা বিনাটিকিটে ট্রেন ভ্রমণ করছে। এখন ফের রেলওয়ে স্টেশনের প্রশাসনিক কার্যক্রম চালুর দাবিতে স্থানীয় জনতা বুধবার সকাল ৯টায় রেললাইন অবরোধ করে। এসময় খুলনা থেকে আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ এসে দাবি পূরণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার আলী জানান, ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন হবে।