আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার এক

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ অ্যাম্বুলেন্স চালক সাবেক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর সীমান্ত মাগুরা চৌরাস্তা এলাকা থেকে দুলাল শরীফ ওরফে দুলুকে পুলিশ আটক করে। দুলু গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী মহল্লার মৃত ইউনুস শরিফের ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বড় চালান পাচারের খবরে দুলুকে পুলিশ আটক করে। তার পকেট থেকে এক হাজার একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুলাল শরীফ জানান, তিনি ঢাকায় অ্যাম্বুলেন্স চালিয়ে মিরপুরে বসবাস করে আসছে। তিনি  এক নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। ওসি আফজাল হোসেন আরো জানান, এ ঘটনায় এসআই জসিমউদ্দিন বাদী হয়ে দুলালসহ তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান আসামি দুলালকে বুধবার আদালতে প্রেরণ করেন।