ছাত্রী উত্ত্যক্তের জের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রীকে উত্ত্যক্তের জেরে দু’দলের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে সৈয়দটুলা গ্রামের নয়াপাড়া এলাকার দুই ছাত্রী সরাইল সদরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ফকিরপাড়ার আবদুল্লাহ, মুয়াজ্জিনসহ কয়েকজন বখাটে যুবক তাদের উত্ত্যক্ত করে। খবর পেয়ে নোয়াপাড়ার লোকজন ফকিরপাড়ায় জিজ্ঞেস করতে গেলে দু’পক্ষের কথা কাটাকাটি ও মারামারি হয়। এরপর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ২০ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে সরাইল থানার ওসি (তদন্ত) নূরুল হক, এসআই রফিক, কনস্টেবল নাজমুল, রুকনউদ্দিন, বেলাল, গ্রামবাসী আশিক, ফয়সল, আবদুল্লা, মোস্তফা, জুয়েল, মোফাচ্ছেরসহ ৩০ জন আহত হয়। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজউদ্দিন ভূঞা বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুপক্ষের মধ্যে মারামারি হয়। সংঘর্ষ থামাতে পুলিশ শর্টগানের গুলি করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।