দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদায় শ্বশুরবাড়িতে জামাইকে ঘরের আড়ায় ঝুলিয়ে হত্যার অভিযোগে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির নামে মঙ্গলবার রাতে হত্যা মামলা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৮/৯ বছর আগে চুয়াডাঙ্গা বোয়ালমারি গ্রামের আনিসুল হকের ছেলের সঙ্গে দামুড়হুদার কাদিপুর গ্রামের মনিরল হকের মেয়ে নাজমা খাতুনের বিয়ে হয়। গত সোমবার নাজমুল কাদিপুর শ্বশুর বাড়ি বেড়াতে এলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে ঘরের আড়ায় নাজমুলের লাশ দেখে খবর দিলে দামুড়হুদা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় ওই দিন রাত ৮টার দিকে নিহতের বাবা আনিসুল হক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নাজমুলের স্ত্রী নাজমা, শাশুড়ি রাফেজা ও শ্বশুর মনিরুল হককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।