ইত্তেফাক রিপোর্ট
পঞ্চম ধাপের নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ রশিদ চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে সানাউল্লা সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালিমা হোসেন শান্তা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ রিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ছাগলনাইয়া উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এনামুল হক মজুমদার এনাম (তালা প্রতীক) এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী (কলস প্রতীক) জয়ী হন।
নোয়াখালী সদরে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী একেএম সামছুদ্দীন জেহান নির্বাচিত হন। ভাইস-চেয়ারম্যান পদে নূরে আলম সিদ্দিকী, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নিলুফার মমিন নির্বাচিত হন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. মুস্তাকুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নকলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিক নিয়ে সারোয়ার আলম তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসী প্রতিকে ফরিদা ইয়াসমিন বেসরকারীভাবে নির্বাচিত হন। সুনামগঞ্জের স্থগিত হওয়া জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মতিন চৌধুরীকে ১১ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী এস.এম.শহিদুল্লাহ সবুজ। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে বিজয়ী হন সেলিম রেজা সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্পা খাতুন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলম সরকার লেবু (নৌকা) নির্বাচিত হয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ডা: সফিউল ইসলাম (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা (হাঁস) নির্বাচিত হন।
হবিগঞ্জের নবগঠিত উপজেলা শায়েস্তাগঞ্জে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রশীদ তালুকদার ইকবাল। বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দার। রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মুনসুর রহমান বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী গাজী এজাজ আহমেদ (ঘোড়া) নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম (টিয়া পাখি) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন পারভীন রুমা (কলস) নির্বাচিত হন। মাদারীপুর সদরে আনারস প্রতীকের প্রার্থী এডভোকেট ওবায়দুর রহমান খান নির্বাচিত হয়েছেন। নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের আসাদুজ্জামান আসাদ বিজয়ী হন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুত্ফুর রহমান জয়ী হন।
রাত সাড়ে ৯টা পর্যন্ত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৮১ টি কেন্দ্রের মধ্যে বেশিরভাগ কেন্দ্রের ফলাফলে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ আনারস প্রতীকে এগিয়ে রয়েছেন। ওই প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. নাসরিন জাহানও এগিয়ে রয়েছেন।
স্থগিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ আল আজাদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম। মঙ্গলবার উপজেলার ছয়টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন গোলাম জিলানী আফিন্দী রাজু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বীণা রানী তালুকদার। রাত পৌনে ২টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা পাল।
উল্লেখ্য, গত ১০ মার্চ সুনামগঞ্জের ১০টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনে জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসাইন মোশারফ সাকু। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান সিফাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নাসরিন জাহান জয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।