নদী থেকে হাবিপ্রবির ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিখোঁজ ছাত্রের লাশ বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে। তার নাম তাসফিক আহমেদ (২৫)। তিনি হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি চট্টগ্রামে। 

দিনাজপুর কোতয়ালী থানার এসআই তপন রায় জানান, মঙ্গলবার বিকালে হাবিপ্রবির নয়জন শিক্ষার্থী একসঙ্গে দিনাজপুর সদর উপজেলার মোহনপুর আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে নামে।

এ সময় তাসফিক আহমেদ পানিতে তলিয়ে যায়। এদিকে দিনাজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরির দলকে দিনাজপুরে তলব করা হয়। বুধবার দুপুরে তারা ঘটনাস্থলে এসে তাসফিকের লাশ উদ্ধার করে।