গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ ৪০ জন আহত হয়েছেন। এ সময় টুঙ্গিপাড়া প্রেসক্লাবসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় শ্রীরামকান্দি ও গিমাডাঙ্গা গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ব্যাপারে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল কবীর জানান, সোমবার গিমাডাঙ্গা গ্রামের কিছু যুবক শ্রীরামকান্দি ব্রিজের রেলিংয়ের ওপর বসে আড্ডা দিচ্ছিল। শ্রীরামকান্দি গ্রামের সাইফুল ইসলাম তাদের ব্রিজের ওপর থেকে চলে যেতে বললে কথা কাটাকাটি হয়। এদিকে সাইফুল ইসলামকে অপমান করায় কিছু লোকজন ক্ষিপ্ত হয়ে গিমাডাঙ্গার যুবকদের চরথাপ্পর মারে। পরে দুই গ্রামের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় গ্রামের চারজন সামান্য আহত হন। এর জের ধরে পরদিন সন্ধ্যায় শ্রীরামকান্দি ও গিমাডাঙ্গা গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি বিএম গোলাম কাদের বলেন, সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রেসক্লাবের আংশিক পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া এ ঘটনায় ব্যবসায়ী, ঠিকাদার ও গণমাধ্যমকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।