টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া প্রতিপক্ষ কে?

ইন্দোরের তৃতীয় টেস্টে ভারতের পাতা স্পিন ফাঁদে ভারতকেই পুড়িয়েছে অস্ট্রেলিয়া। স্পিন-স্বর্গে ভারতকে স্পিন বিষেই নীল করে সফরকারীরা জিতেছে ৯ উইকেটে।  দারুণ ঐ জয়ে এক ঢিলে দুই পাখি শিকার করেছে অস্ট্রেলিয়ানরা। প্রথমত, ম্যাচটি জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে, বাঁচিয়ে তুলেছে সিরিজ বাঁচানোর আশা। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ানরা অনেক বড় একটা পুরস্কারও পেয়ে গেছে। ইন্দোরের ঐ জয়ের মধ্যদিয়ে তারা উঠে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

আগামী ৭-১১ জুন, লন্ডনের দ্য ওভালে হবে ২০২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচের একটা টিকিট নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। অন্য টিকিটটি কে পাবে, মানে ফাইনালে অসিদের প্রতিপক্ষ কে হবে, সেটি এখনো নিশ্চিত নয়। তবে সম্ভাবনার দৌড়ে ভারতই এগিয়ে।

চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল রোহিত শর্মার ভারত। ইন্দোরে জিততে পারলে সিরিজ জয়ের পাশাপাশি হয়তো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও তাদের নিশ্চিত হতো। সেক্ষেত্রে ঝুলে যেত অস্ট্রেলিয়ার ভাগ্য। কিন্তু হয়েছে তার উলটোটা। ম্যাচটা হেরে ভারতের ভাগ্য ঝুলে গেছে বটে; তবে আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে জিতলে ভারতও উঠে যাবে ফাইনালে। সেক্ষেত্রে রোহিতের দলকে অন্য কারো দিকেই তাকাতে হবে না। কিন্তু যদি আহমেদাবাদেও ভারত হেরে যায়? তাহলে সম্ভাবনার রেখা ফুটবে শ্রীলঙ্কার।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বরে অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪৮। পয়েন্টের হার ৬৮.৫২ শতাংশ। দুইয়ে থাকা ভারতের পয়েন্ট ১৭ ম্যাচে ১২৩, পয়েন্টের হার ৬০.২৯ শতাংশ। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ১০ ম্যাচে ৬৪, পয়েন্টের হার ৫৩.৩৩ শতাংশ। তো সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ আছে শ্রীলঙ্কার। সেই সিরিজে যদি কিউইদের ২-০ ব্যবধানে হারাতে পারে শ্রীলঙ্কা, তাহলে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবে লঙ্কানরাই। তবে শ্রীলঙ্কানদের সেই আশা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই গুঁড়িয়ে যাবে, যদি ভারত আহমেদাবাদে জেতে।