‘আমার সম্পর্কে কিছু ভুল ধারণা রয়ে গেছে’

২০১৮ সালে লাক্স ফটোসুন্দরী প্রতিযোগিতার ভেতর দিয়ে শোবিজে যাত্রা শুরু মডেল-অভিনেত্রী মিম মানতাশা। মিম বলেন, ‘এই প্লাটফর্মটি মূলত একজন সাধারণ মানুষ থেকে অন্য মানুষে পরিণত হওয়ার একটি জায়গা। তারকা হয়তো আমি হতে পারিনি এখনও। কিন্তু যে সুযোগটা আমি পেয়েছি, তা জীবনের শ্রেষ্ঠ অর্জন।’

কিন্তু মিম মানতাশাকে নিয়ে একটি কমন অভিযোগ হলো, অভিনয়ে তিনি সিরিয়াস নন। এমন প্রশ্নে মিম বলেন, ‘আমি এই অভিযোগটা কিছুটা স্বীকার করি। কিন্তু আমি মূলত আমার পড়াশোনার কারণেই এই গ্যাপটা দিয়েছিলাম। আর আমার জীবনে সত্যিই কোনো তাড়াহুড়ো নেই। খুব অল্পতে সন্তুষ্ট হওয়া মানুষ আমি। আমি মনে করি, এ কারণেই যাবতীয় মোহ থেকে আমি দূরে থেকেও আনন্দে থাকতে পারি।’

জাহাঙ্গীরনগরের চারুকলার ছাত্রী মিম মানতাশা। পড়াশোনার সেই কঠিন পার্টটুকু অনেকখানিই উের গেছেন এখন। মনে দিতে চান এখন অভিনয়ে। তাই এখন ভালো গল্পে কাজ করতে চান। মিম বলেন, ‘নুসরাত ইমরোজ তিশা আমার সবচেয়ে ফেভারিট অভিনেত্রী। আমি আসলে তার মতো ভালো গল্পের কাজ করতে চাই। দেশে এখন অনেক মেধাবী নির্মাতা রয়েছেন। তারা ভেবেই বসেছেন বিয়ে থা করে আমি বোধ হয় অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমার হাজবেন্ড ফাইরুজ পিএইচডি করছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে। ওখান থেকে মাঝে মাঝে ছুটির ভেতরে আসে। আবার চলে যায়। তাই সেভাবে সংসারটাও শুরু করিনি আমরা। কিন্তু ফাইরুজ দেশে এলেই আমরা প্রচুর ছবি তুলি আর ফেসবুকে পোস্ট দিই। তাই অনেকে মনে করেন, আমি বোধহয় সংসারে খুব ব্যস্ত। আমাদের বিয়েটাও পারিবারিকভাবে। পরিবারকেই আমি সবার আগে গুরুত্বে রাখি। আমার বাবা-মা বা ফাইরুজ কেউই আমার অভিনয় নিয়ে না করেন না।  আসলে আমার সম্পর্কে কিছু ভুল ধারণা রয়ে গেছে। তবে এখন চাইছি ভালো কজন নির্মাতার সাথে কাজ করতে। বেশকিছু নাটক করেছি। সেগুলোর যেমন দারুণ রেসপন্স পেয়েছি। তাতেই সাহস জুগিয়েছে। সেই উত্সাহ নিয়েই আগামী দিনগুলোতে কাজ করে যেতে চাই।’