ইত্তেফাক রিপোর্ট
সরকার গৃহীত রূপকল্প বাস্তবায়ন এবং রপ্তানি আয় ও রেমিট্যন্স প্রবাহ বাড়িয়ে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন বাংলাদেশের জন্য একটি অতীব জরুরি বিষয়। দেশে দক্ষতা উন্নয়নের পরিবর্তনে যে অগ্রগতি হয়েছে তার অংশ হিসাবে বাংলাদেশ সমপ্রতি ওয়ার্ল্ডস্কিল এশিয়ার সদস্যপদ লাভ করেছে যা বিশ্বব্যাপী বাংলাদেশের দক্ষতাকে প্রসংশিত করেছে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিল এশিয়ার সাধারণ পরিষদের সভায় বাংলাদেশকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন সাধারণ পরিষদে বাংলাদেশের দক্ষতা উন্নয়নের উপর বক্তব্য উপস্থাপনা করেন। অন্য দুই দেশ ফিলিপাইন ও ব্রুনাইও একই সাধারণ পরিষদে ওয়ার্ল্ডস্কিল এশিয়ার সদস্য হয়েছেন।
আবুধাবি ভিত্তিক দক্ষতা সমিতি ওয়ার্ল্ডস্কিল এশিয়াতে নতুন তিনটি দেশসহ ১৫ সদস্য রয়েছে। সরকারি প্রতিনিধিগণ এবং সদস্য দেশগুলোর প্রযুক্তিগত প্রতিনিধিরা সাধারণ পরিষদ সভায় উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় টেকনিকেল এবং ভোকেশনাল এডুকেশন ও প্রশিক্ষণ সিস্টেম, বিদ্যুত্ ইনস্টলেশন এবং অটোমোবাইল প্রযুক্তির উপর দক্ষতা প্রশিক্ষণ এবং আসন্ন ওয়ার্ল্ডস্কিল এশিয়ার প্রতিযোগিতা ২০২০ বিষয়ে এই সাধারণ পরিষদে আলোচনা করা হয়েছে। সফরকালে এনএসডিএ -এর নির্বাহী চেয়ারম্যান মালয়েশিয়াস্থ বিশ্বমানের কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেন্টার ফর ইনস্ট্রাক্টার অ্যান্ড এডভ্যান্সড স্কিল ট্রেনিং কেন্দ্র পরিদর্শন করেন এবং উভয় দেশের প্রশিক্ষক তৈরিতে পারস্পরিক সহযোগিতার বিষয় আলোচনা করেন।