শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে বাড়ি ফেরার পথে রাজশাহী রেলওয়ে স্টেশনে পুলিশ কনস্টেবলের সঙ্গে মারামারির অভিযোগে গ্রেপ্তার অপ্রাপ্তবয়স্ক ৫ খেলোয়াড়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. হাসানুজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী মাইনুর রহমান বলেন, অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক ৫ খেলোয়াড়কে জামিন দিয়েছেন আদালত। জামিনে থাকাকালে তাদের আচরণ পর্যবেক্ষণ করে প্রতিবেদন দাখিলের জন্য সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পাওয়া ৫ জনের মধ্যে ১ ছেলে ও ৪ মেয়ে।
আদালতের পরিদর্শক পরিমল চক্রবর্তী বলেন, রোববার রাতেই তাদের আদালতে তোলা হয়েছিল। রাত হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ শুনানি হয়নি। সোমবার সকালে পূর্ণাঙ্গ শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে শেখ কামাল যুব গেমসের আসরে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে রাজশাহী রেলওয়ে স্টেশনে পুলিশ দম্পতির সঙ্গে মারামারির ঘটনায় কোচসহ ১২ খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গোলাম কিবরিয়া নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা জয়ার মারামারি ও চেইন চুরির অভিযোগ করে। রোববার (৫ মার্চ) রাত ৮ টার দিকে এ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠায় রেলওয়ে পুলিশ। আদালত ৭ জনকে কারাগারে পাঠালেও অপ্রাপ্তবয়স্ক ৫ জনকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অন্তবর্তী জামিন দিয়েছিলেন।
কোচ বাদে গ্রেপ্তার ১১ খেলোয়াড়ের মধ্যে ৩ জন ছেলে ও ৮ জন মেয়ে। তারা জুডো, কুস্তি, কারাতে খেলোয়াড়। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।