ইউক্রেনের বাহিনী বাখমুতের লড়াই থেকে সীমিতভাবে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বলে মনে হচ্ছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। পূর্ব ইউক্রেনের এই শহরটিতে গত সাত মাস ধরে যুদ্ধ চলছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এখানে রাশিয়া বিজয় পেলে তা হবে তাদের ব্যয়বহুল শীতকালীন অভিযানের প্রথম বড় পুরস্কার।
টুইটারে রাশিয়া যুদ্ধের সবশেষ তথ্যে এ কথা জানিয়ে আইএসডব্লিউ বলছে, ইউক্রেন এখনো এগিয়ে আসতে থাকা রুশ বাহিনীর ‘উচ্চমাত্রার ক্ষয়ক্ষতি’ ঘটাচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত আইএসডব্লিউর মূল্যায়নে বলা হয়, ‘ইউক্রেন ঠিক কী চাইছে তা বলার সময় এখনো আসেনি, তবে বাখমুতের প্রতিরক্ষা এখনো কৌশলগতভাবে মজবুত রয়েছে এবং ইউক্রেনীয় বাহিনী হয়তো লড়াই করতে করতে ক্রমান্বয়ে সরে যাচ্ছে, যাতে শহর এলাকায় যুদ্ধ চালিয়ে রুশ বাহিনীকে ক্লান্ত করে ফেলা যায়।
যদিও ইউক্রেনের সৈন্যরা সক্রিয়ভাবে সরে যাচ্ছে, কিন্তু তবু রুশ বাহিনী শহর এলাকায় লড়াই চালিয়ে দ্রুতগতিতে খুব বেশি ভূখণ্ড দখল করতে পারবে এমন সম্ভাবনা কম বলে জানিয়েছে আইএসডব্লিউ।
- মারিউপোল সফরে রুশ প্রতিরক্ষামন্ত্রী
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এক বিরল সফরে অধিকৃত ইউক্রেনের মারিউপোল শহরে এসেছেন। রাশিয়ার প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, শোইগু দৃশ্যত নতুন তৈরি কিছু স্থাপনা পরিদর্শন করছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় বলছে, শোইগুকে একটি পাইপলাইন নির্মাণের ব্যাপারে অবহিত করা হয়, যা রাশিয়ার ডন নদী থেকে অধিকৃত দোনেত্স্ক অঞ্চলে পানি নিয়ে যাবে। গত বছর ইউক্রেন যুদ্ধের সবচেয়ে মারাত্মক লড়াইগুলোর একটি হয়েছিল মারিউপোলে এবং রুশ বাহিনী শহরটিকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছিল। জাতিসংঘ অনুমান করছে যে ঐ যুদ্ধে শহরটির ৯০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।
- বেইমানির অভিযোগ তুললেন প্রিগোশিন
ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান বলছেন, তারা বাখমুত শহরের নিয়ন্ত্রণ দখলের যুদ্ধে মস্কোর কাছ থেকে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র পাচ্ছেন না। পূর্বাঞ্চলীয় এ শহরটি দখলের জন্য নিয়মিত রুশ সেনাবাহিনী ও ওয়াগনার গ্রুপের যোদ্ধারা লড়াই করছে। তবে গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোশিন পর্যাপ্ত গোলাবারুদ না থাকার অভিযোগ করে বলেছেন, এটা আমলাতান্ত্রিক কারণে হতে পারে, আবার বেইমানিও হতে পারে। রবিবার এক পোস্টে প্রিগোশিন বলেন, ২২ ফেব্রুয়ারি দলিলপত্র স্বাক্ষরিত হয়েছে যাতে পরের দিনই বাখমুতে গোলাবারুদ পাঠানোর কথা ছিল, কিন্তু তার অধিকাংশই এখনো পাঠানো হয়নি। তিনি বলেন, এটা ইচ্ছাকৃতভাবেও করা হয়ে থাকতে পারে। শনিবার পোস্ট করা আরেক ভিডিওতে প্রিগোশিন বলেন, তার যোদ্ধারা ভয় পাচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে হেরে গেলে তাদেরকেই হয়তো বলির পাঁঠা করা হতে পারে। —বিবিসি