আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ দিনটি উদযাপন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজন করেছে তিনটি প্রদশর্নী ম্যাচের। আর এসব প্রদর্শনী ম্যাচ খেলতে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। তিনি খেলবেন সুপার উইমেন দলে। তার দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের নিদা দার।
জাহানারার দল সুপার উইমেন ছাড়াও অন্য দলটির নাম অ্যামাজন। এ দুই দল মোট ৩টি ম্যাচ খেলবে। মূলত সমাজে নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে এ ম্যাচগুলো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৮, ১০ ও ১১ মার্চ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রদর্শনী ম্যাচগুলো। পিসিবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এ ম্যাচের মধ্যে দিয়ে নারী দিবস উদ্যাপন করবে তারা।
এদিকে এ প্রস্তুতি ম্যাচ খেলতে ইতিমধ্যে পাকিস্তান চলে গিয়েছেন বাংলাদেশ নারী দলের এ অভিজ্ঞ পেস বোলার। গত রোববার তিনি দেশ ছাড়েন পাকিস্তানের উদ্দেশ্যে।