রাজধানীতে বড় কোনো অপরাধ নেই —ডিএমপি কমিশনার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে বড় কোনো অপরাধ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, রাজধানীতে বড় অপরাধ প্রবণতা কমেছে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে। নগরবাসীর জানমালের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। গতকাল বুধবার রাজধানীর উত্তরা এলাকায় চক্রাকার বাসের সেবার মান উন্নয়নে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আইন মানব, শৃঙ্খলা আনব’ বলে প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে। সিটি করপোরেশন, পুলিশ ও সেক্টর ভিত্তিক একটি করে টিম তৈরি করে শৃঙ্খলা ফেরানো সম্ভব। তিনি বলেন, সেক্টরভিত্তিক রিকশার রং করে দেওয়া হবে। সেখানে কোন রিকশা কোন সেক্টরে চলবে— সে নির্দেশনা থাকবে। তবে প্রয়োজনে অতিরিক্ত রিকশা সড়ক থেকে অপসারণ করা হবে। ইজিবাইক ডিএমপিতে চলবে না। লেগুনা স্ট্যান্ড সরিয়ে আরো ভেতরে নেওয়া হবে। অনুমতি ছাড়া নিয়ম না মেনে যারা গ্যারেজের জায়গায় বিউটি পার্লার, দোকানপাট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশন ও সেক্টরভিত্তিক কল্যাণ সমিতির আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় মেয়রকে অনুরোধ করে কমিশনার বলেন, ‘স্যার আপনার কাছে আমার অনুরোধ অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।’