বিশেষ প্রতিনিধি
নৌবাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর সফর শেষে দেশে ফিরেছেন। গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এবং কমডোর মোহাম্মদ মুসা নৌপ্রধানকে স্বাগত জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চার দিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দফতরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কার্লস এইচলয়েটি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এছাড়া তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।