তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংসদকে জানিয়েছেন, ২০০৯ সালে সংসদে তথ্য অধিকার আইন পাসের পর ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ৯৫ হাজার ২৩৩টি তথ্য সরবরাহ করা হয়েছে। আর এই আইনে এ পর্যন্ত ৩ হাজার ৮৩টি দায়েরকৃত অভিযোগের মধ্যে ২ হাজার ৯৭২টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, ১১১টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গতকাল বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব তথ্য জানান।
সরকারি দলের সংসদ সদস্য হাবিবা খানের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, ২০০৯ সালের ২৯ মার্চ জাতীয় সংসদে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ পাস হয়। সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ঢাকাসহ সারাদেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ১২৮টি।
সংরক্ষিত মহিলা আসনে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্য সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ টেলিভিশনের আধুনিকায়নের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে।
এদিকে, সরকারি দলের এমপি এবাদুল করিমের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন সংসদকে জানান, বন্ধ হওয়া খুলনা নিউজপ্রিন্ট মিলসের জমিতে একটি নতুন পেপার মিল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।