রাজধানীতে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে কমিটি, সমন্বয়ক মেয়র খোকন

আগামী দুই মাসের মধ্যে রাজধানীতে অবৈধ ছোট ছোট যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রিকশা, অটোরিকশা ও পার্শ্ববর্তী জেলা থেকে ঢাকায় প্রবেশকারী অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এই কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

গতকাল বুধবার নগর ভবন দক্ষিণের সভাকক্ষে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘বাইরে থেকে অবৈধ যানবাহন ঢাকা মহানগরীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে রাজধানীতে চলাচলরত অবৈধ ছোট যানবাহন, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অবৈধ অটোরিকশা চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হবে।’ এছাড়া সভায় রাজধানীতে ট্রাফিক সিস্টেম কার্যকরে অটোমেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। বৈঠকে ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নগরীর সব ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হবে। ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দুই মাস পরপর যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা হবে। সভায় সিদ্ধান্ত গৃহীত হবে কিন্তু বাস্তবায়ন হবে না এটা হতে পারে না। নগরবাসীকে যানজট থেকে মুক্ত করতে যা যা করণীয় তা করা হবে। তিনি বলেন, ঢাকা মহানগরীকে যানজটমুক্ত করতে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নে আগামী দুই মাস কমিটি কাজ করবে। এ দুই মাসে তারা যতটুকু কাজ করতে পারেন তার পরিপ্রেক্ষিতে পরবর্তী সভায় আবার সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা মহানগরীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের কোনো সংস্থা যদি সিদ্ধান্ত নেয় এবং সে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা সচেষ্ট হলে তা বাস্তবায়ন হতে বাধ্য। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।