যুবলীগের দুই নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন প্রশ্নে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার এ রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। এর আগে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরে ওই জামিন বহাল রাখে আপিল বিভাগ। আইনজীবীরা জানিয়েছেন, যুবলীগ নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের আদেশে আপিল বিভাগ হস্তক্ষেপ না করলে তার কারামুক্তি পেতে আইনগত কোনো বাধা থাকবে না।
আদালতে রানার পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন ড. মো বশিরউল্লাহ শুনানি করেন।
২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরে গিয়ে নিখোঁজ হন। পরে এ ঘটনায় ২০১৩ সালের ৯ জুলাই মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরন মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রানার নাম উঠে আসে। পরে তিনি নিম্ন আদালতে জামিন চান।