রাজধানীর বংশালে দুর্বৃত্তের হামলায় আহত কণ্ঠশিল্পী মোহাম্মদ উল্লাহ অভি নিরব (২৬) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ১৪ জুন সকালে বংশালের মকিম বাজার কবরস্থানে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের চেনেন বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিদুর রহমান বলেন, হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। তদন্তে এখন পর্যন্ত হামলায় জড়িতদের শনাক্ত করা যায়নি। হামলার কারণও স্পষ্ট নয়। এ সংক্রান্ত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে বলেও জানান ওসি।
নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত নিরব মকিমবাজার কবরস্থানে পড়ে আছেন এমন খবর পেয়ে ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা ছুটে যান। তাকে উদ্ধার করে প্রথমে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার শরীরে কয়েক দফায় অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি। সর্বশেষ গতকাল বুধবার তার অবস্থার আরো অবনতি হয়। একপর্যায়ে রাত পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
নিহতের বাবা অলিউল্লাহ জানান, পুরান ঢাকার আরমানীটোলা এলাকার বাসায় পরিবারের সঙ্গে থাকতেন নিরব। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। তাকে কবরস্থানে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি ছেলে ও একটি মেয়ে জড়িত। এমন নিরীহ ছেলেকে এভাবে হত্যা কেউ মেনে নেবে না। হত্যার কারণ নিশ্চিত না হলেও হত্যায় জড়িতদের চেনেন বলেও জানান অলিউল্লাহ। তবে এই মুহূর্তে তাদের পরিচয় বলতে রাজি হননি।
এর আগে নিহতের ঘনিষ্ঠজন গিটারিস্ট রাজিব হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাটির ব্যাপারে তারা কেউ কিছু অনুমান করতে পারছেন না। পুলিশের তদন্তে হয়ত প্রকৃত ঘটনা ওঠে আসবে।