ফিঞ্চ-ওয়ার্নার জুটি ভাঙলেন সৌম্য সরকার

ভয়ঙ্কর হয়ে ওঠা অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী জুটি ভেঙেছেন সৌম্য সরকার। তার বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন অ্যারন ফিঞ্চ। আউট হওয়ার আগে ৭৮ বল থেকে ৬৩ রানের দারুণ একটি ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভার শেষে অসিদের সংগ্রহ ১২১/১। ডেভিড ওয়ার্নারের সঙ্গে যোগ দিয়েছেন ওসমান খাজা।
এর আগে আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। দুজনে মিলে সংগ্রহ করেন ১২১ রানের বড় জুটি। 
পাঁচ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান টেবিলের তৃতীয়স্থানে। অন্যদিকে ৫ ম্যাচ থেকে দুই জয়, দুই হার ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চমস্থানে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এ পর্যন্ত ২০টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৮টি, বাংলাদেশ একটিতে। বাকি একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। বাংলাদেশের একমাত্র জয়টি ছিল ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনসে।

ইত্তেফাক/এএম