অভিনয়শিল্পী সংঘের নির্বাচন নিয়ে ‘প্রশ্ন’

টেলিভিশন মাধ্যমের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ-এর দ্বি-বার্ষিক নির্বাচন আজ (২১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আসন্ন নির্বাচনকে ঘিরে টিভি মিডিয়ার শিল্পী-কলাকুশলীদের মাঝে বিরাজ করছিল ব্যাপক উত্সাহ-উদ্দীপনা। কিন্তু গতকাল আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এ নির্বাচনের বিরুদ্ধে শিল্পী এহসানুর রহমান বাদী হয়ে ঢাকার দ্বিতীয় জজ আদালতে একটি মামলা করেন। বাদীর আবেদনের ওপর শুনানি শেষে আদালত নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। অপর এক আদেশে আদালত এ নির্বাচন কেন বাতিল করা হবে না এ মর্মে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্বাচন কমিশন ও বর্তমান সভাপতি শহীদুল ইসলাম সাচ্চুর প্রতি নির্দেশনা জারি করেন।

এদিকে সভাপতি পদপ্রার্থী শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমাদের কাছে এই বিষয়ে আদালতের কোনো চিঠি আসেনি। চিঠি না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশনার তো নির্বাচন প্রক্রিয়ার মাঝেই থাকবে। নির্বাচন কালকে (২১ জুন) হচ্ছে এবং নির্বাচনের পর আইনানুগ কোনো প্রক্রিয়া থাকলে সেটা সম্পন্ন করা হবে।’

অভিনয়শিল্পী সংঘের ২০১৯-২১ মেয়াদ নির্বাচনে মোট ২১টি পদের জন্য লড়াই করছেন ৫১ জন শিল্পী। ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।