নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮র বিজয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে ছয়টি ক্যাটাগরির ছয়টি দল এবং দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার ভ্রমণ এবং ফ্যালকন-নাইন স্পেস শাটলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮র আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী দল এবং বাংলাদেশে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮র আয়োজক দলকে কেনেডি স্পেস সেন্টার ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়েছে।
জুলাইয়ের ১৯ তারিখ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়ে ২০ জুলাই পৌঁছানোর পর ২১-২৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে নাসার উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ২১ জুলাই ফ্যালকন-নাইন স্পেস শাটলের উড্ডয়ন অনুষ্ঠানে অংশ নেবে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮এ বিজয়ী দল এবং প্রতিনিধিরা। পরবর্তী দুই দিন (২২-২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে বিশ্ব চ্যাম্পিয়ন ৬টি দল সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে এবং কেনেডি স্পেস সেন্টার ঘুরে দেখবে।
উল্লেখ্য, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮তে বাংলাদেশ দল বিশ্ব চ্যামিপয়ন হওয়ার খেতাব অর্জন করে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ২০১৯। প্রথমবারের মতো ১৩৯৫টি দলকে হারিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮-এর বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে নেয় বাংলাদেশ। বেস্ট ইউজ অব ডেটা ক্যাটাগরিতে শীর্ষ চারে স্থান করে নেওয়া ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর আর জাপানের দলকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে সিলেট থেকে চ্যাম্পিয়ন হিসেবে মনোনয়ন পাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম অলিক’।
এর আগে গতবছরের ৮ ডিসেম্বর ঘোষিত প্রাথমিক ফলাফলে বিশ্বের ৭৯টি দেশের প্রায় ২৭২৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ২টি ক্যাটাগরির শীর্ষ চারে উঠে আসে বাংলাদেশ।
টিম অলিকের ‘লুনার ভি আর প্রজেক্ট”টি মূলত একটি ভারচুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ব্যবহারকারী চাঁদে ভ্রমণের একটি অভিজ্ঞতা পাবেন। টিম অলিক নাসা প্রদত্ত বিভিন্ন রিসোর্স থেকে থ্রিডি মডেল ও তথ্য সংগ্রহ করে, নাসা অ্যাপোলো ১১ মিশন-এর ল্যান্ডিং এরিয়া ভ্রমণ, চাঁদ থেকে সূর্যগ্রহণ দেখা এবং চাঁদকে একটি স্যাটেলাইট-এর মাধ্যমে আবর্তন করা এই তিনটি ভিন্ন পরিবেশকে ভার্চুয়ালভাবে তৈরি করেছে।