প্রথমবার জাতীয় দলে জাকের আলি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে নজরকাড়া এই তরুণ অবশ্য আভাস পেয়েছিলেন আগেই। আজ (২২ মার্চ) দল ঘোষণায় সেটিই সত্য হলো।
আয়ারল্যান্ড বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ রিশাদ হোসেন ও জাকের। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে খেলছেন তরুণ ব্যাটার জাকের আলি। আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন সময়ে জাতীয় দলে ডাক পাওয়ার খবর জানতে পারেন তিনি।
জাতীয় দলে ডাক পেয়ে বেশ খুশি এই তরুণ ব্যাটার। তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, বড় পারফরম্যান্স করার। এবার সুযোগ এসেছে, চেষ্টা করবো ভালো কিছু করার। ম্যাচের মধ্যেই জানতে পারছি যে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছি। সুজন স্যার আগেই বলেছিল রেডি থাকিস, আমি সিউর জানতাম না। ম্যাচ চলাকালীন জানতে পারলাম।'
একাদশে সুযোগ পেলে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি আরও বলেন, 'যেহেতু টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে আমি চেষ্টা করবো বিপিএলে যেমনটা খেলেছি, সেরকম ক্যামিও ইনিংসগুলো খেলার।'