কালীগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামের আব্দুল গনিকে হত্যার দায়ে তার ছেলে তাহেরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা  ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন। আদালত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত আব্দুল গনি কালীগঞ্জ উপজেলার মোরারকগঞ্জ চিনিকলে কর্মচারী থাকাকালে মস্তিষ্ক বিকৃতি ঘটে। তাকে অবসর দেওয়া হয়। তিনি ভিক্ষা করতেন। আর খুনতলা গ্রামে  এন্দেশ আলির দরগায় রাত্রি যাপন করতেন। তার ছোট ছেলে আসামি তাহেরুল বাবার সাথে থাকতো ও চিনিকল থেকে পাওনা দুই লাখ টাকা তাকে দেওয়ার জন্য চাপ দিত। এজন্য বাবাকে মারধরও করত। ২০১৪ সালের ২২ জানুয়ারি ভিক্ষা শেষে রাতে দরগায় এসে  ঘুমান আব্দুল গনি। তার সাথে থাকা ছেলে তাহেরুল পরেরদিন সকালে পরিবারের লোকদের জানান বাবা মারা গেছে। পরিবারের লোকজন গিয়ে দেখেন আব্দুল গনির দাঁত ভাঙা ও মাথায় হাতে রক্তাক্ত জখম। নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে তাহেরুল  ইসলামসহ অজ্ঞাত দুই-তিনজনের নামে কালীগঞ্জ থানায় মামলা করেন।