রাজশাহীর পদ্মায় নৌ পুলিশের যাত্রা শুরু

রাজশাহীর পদ্মা নদীতে প্রথম যাত্রা শুরু করেছে নৌ পুলিশ। ১০ জনবল নিয়ে রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলার পদ্মা নদী এলাকায় দুটি নৌ পুলিশ ফাঁড়ি খোলা হয়েছে। সম্প্রতি জনবল পাওয়ার পর এ বাহিনী কাজ শুরু করেছে। বুধবার রাতে পবা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পদ্মা নদীতে প্রথম অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে নামেন।

এ দিন তারা চর খিদিরপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৯ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে। এর মধ্যে প্রায় ১ লাখ টাকা মূল্যের ছিল আড়াই হাজার মিটার বেড়জাল এবং ৯ হাজার টাকা মূল্যের ৩০০ মিটার কারেন্ট জাল। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন পবা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মেহেদী মাসুদ। পবা উপজেলা মত্স্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকও নদীতে এ অভিযানে অংশ নেন।

পবা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী মাসুদ জানান, রাজশাহীতে নৌ পুলিশের যাত্রা শুরু করার সকল প্রক্রিয়া শেষে গত বছরের অক্টোবরে তাকে রাজশাহীতে পাঠানো হয়। তিনি এসে একটি বাড়ি ভাড়া নিয়ে কার্যালয় খোলেন। তবে তিনি ছাড়া আর কোনো জনবল ছিল না। সমপ্রতি জনবল পাওয়া যায়। এরপর বুধবার রাতে প্রথমবারের মতো পদ্মা নদীতে অভিযান চালান।