ভাণ্ডারিয়ায় অটোরিকশা চালক নিহতের ঘটনায় মামলা

ভাণ্ডারিয়ায় এক যুবকের ছুরিকাঘাতে অটোচালক ফাইজুল হাওলাদার নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার নিহতের মা ফেরোজা বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় আরিফ সরদারসহ চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

বুধবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত নুরুল আমীন হাওলাদারের ছেলে ফাইজুল হাওলাদারকে পার্শ্ববর্তী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের কলেজছাত্র আরিফ সরদার ও নাঈম সরদার ধারালো চাকু দিয়ে আঘাত করে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মা হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।