গোবিন্দগঞ্জে দুই স্কুলছাত্র ও ব্যবসায়ী নিখোঁজ

গোবিন্দগঞ্জে দুই স্কুলছাত্র ও এক ব্যবসায়ীসহ তিনজন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে স্থানীয় থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ ব্যক্তিরা হলো, উপজেলার বড়দহ (পশ্চিমপাড়া) গ্রামের জাহাঙ্গীর প্রধানের ছেলে শাহ আলম প্রধান (১৪), একই গ্রামের সৈয়দ মিয়ার ছেলে জনি বাবু (১০) এবং ভাগদরিয়া গ্রামের জাহেরুল ইসলামের ছেলে জোবাইদুর রহমান (২৮)। এদের মধ্যে শাহ আলম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ও জনি বাবু বড়দহ পুরাতন বাজার হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। জোবাইদুর রহমান পৌর শহরের একজন কসমেটিক্স ব্যবসায়ী।

পারিবারিক সূত্রে জানা যায়, শাহ আলম ও জনি বাবু গত ১৫ জুন সন্ধ্যায় বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। জোবাইদুর রহমান ১৭ জুন রাতে কসমেটিক্স দোকান থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পুলিশ জানায়, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে।