চট্টগ্রাম কারাগারে দুই বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে জলাতঙ্ক রোগে আক্রান্ত এক নারী বন্দিকে খাগড়াছড়ি কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনার পথে মারা গেছেন। অপরজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই মারা যান। বুধবার রাতে এই দুই বন্দির মৃত্যু হয় বলে কারাগার সূত্র জানায়। এরা হলেন- পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরের ধরণী ত্রিপুরার স্ত্রী বিলাতি ত্রিপুরা (৪৫) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার নুরুল ইসলামের পুত্র ওমর ফারুক (৫৭)।
কারাগার সূত্র জানা যায়, বিলাতি ত্রিপুরাকে অসুস্থ অবস্থায় বুধবার রাত ১১টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। কিন্তু আনার পথে হাটহাজারী পৌঁছার পর গাড়িতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা জানান সে বেঁচে নেই। অপরদিকে ওমর ফারুক রাত দেড়টার দিকে হঠাত্ বুকে ব্যথা অনুভব করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে সে মারা যায়। চিকিত্সকরা জানায়, হূদরোগে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, গত মার্চে নগরীর কোতোয়ালী থানায় মাদক আইনে দায়ের হওয়া একটি মামলার কারণে আসামি ওমর ফারুক কারাগারে ছিলেন। বিলাতি চাকমা মারামারি ও ভাঙচুরের অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় গত এপ্রিলে দায়ের হওয়া একটি মামলার আসামি।