দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার দুপুরে শাহানুর (১৭) নামের এক যুবক মারা গেছেন। এসময় আহত হন ১০ জন। বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার এলাকার রায়পুর ও কান্দিগাঁও গ্রামবাসীর মধ্য সংঘর্ষ ও পরে হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহানুর মিয়া রায়পুর গ্রামের বুরহান মিয়ার ছেলে।
স্বজনরা আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার বাসস্ট্যান্ডে লেগুনা পার্কিং নিয়ে রায়পুর গ্রামের আলী হোসেন ও কান্দিগাঁও গ্রামের রাজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।