'চেহারা নয়, আফিফ বাদ পারফরম্যান্সের কারণেই'

২০১৯ সালের পর থেকে বাংলাদেশের প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন আফিফ হোসেন। টানা ৬১ ম্যাচ খেলা সেই আফিফ হোসেন সর্বশেষ ইংল্যান্ড সিরিজে এসে বাদ পড়েছে একাদশ থেকে। পরে তো স্কোয়াড থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে আয়ারল্যান্ড সিরিজে এসে। টানা এতদিন খেলার পর হঠাৎ করেই জাতীয় দল থেকে বাদ পড়ায় আফিফকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। এবার আফিফকে দল থেকে বাদ দেওয়ার কারণ জানালেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ রোববার (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের কাছে আফিফের বাদ পড়া কি পারফরম্যান্সের কারণে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অবশ্যই। তার (আফিফ) চেহারার কারণে নয়, পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছে সে। যে কেউ বাদ পড়লে সেটা পারফরম্যান্সের কারণেই হয়ে থাকে। কখনও কখনও আবার কৌশলগত কারণেও বাদ পড়ে থাকে কেউ। যদি আমরা আলাদা কিছু করতে চাই বা কাউকে দেখতে চাই, সেটাও কখনও কখনও কারণ হয় বাদ দেওয়ার।’

বাদ পড়েছেন বলেই যে আফিফের আর ফেরার সুযোগ নেই তেমনটিও অবশ্য বলছেন না হাথুরুসিংহে। পারফরম্যান্স থাকলে আবারও দলে ডাক পাবেন বলেই জানিয়েছেন এই লঙ্কান কোচ। তিনি বলে, ‘সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার,সেটাই করতে হবে। মাঠে গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে সেগুলো করতে পারে, তাহলে দলের প্রয়োজনে সবার মতো সেও পুনরায় সুযোগ পাবে।’