জামালপুর অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দের প্রসপেক্টাস বিনিয়োগকারীদের জন্য উন্মোচন করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ প্রস্তাব আহ্বান করা হয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলটি ৪৩৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত হবে। এটি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে প্রায় ৩২ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জোনটি কৃষিভিত্তিক শিল্প ও গার্মেন্টস স্থাপনের জন্য উপযুক্ত বলে সম্ভাব্যতা সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সম্মাননীয় অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মইন উদ্দিন (অব)। সেমিনারে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির তাগিদ দিয়ে বলেন, তরুণ উদ্যোক্তদের প্রস্তুত হতে হবে। বিশেষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিজেদের প্রস্তুতি করতে হবে। ব্যাংকিং খাত প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, আমাদের ব্যাংকিং খাতের সমস্যা হলো কাঠামোগত। এখানে স্বল্প মেয়াদে আমানত সংগ্রহ করে ব্যাংকগুলো দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করছে। এর কাঠামোগত সংস্কার করতে হবে। দীর্ঘ মেয়াদে আমানত সংগ্রহের জন্য বন্ড মার্কেটের উন্নতি করতে হবে। তিনি বলেন, ব্যাংকিং খাতের সমস্যা নিয়ে সরকার খুবই সচেতন। এর উন্নয়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
অনুষ্ঠানে জানানো হয়, অর্থনৈতিক অঞ্চলটিতে গ্যাস-সংযোগ লাইন ও ৩৩/১১ কেভিএ বিদ্যুত্ সাবস্টেশন নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া ড্রেনেজ সিস্টেম, ভূমি উন্নয়ন, গ্রাউন্ড ওয়াটার রির্জাভার, প্রশাসনিক ভবন, ডরমেটরি, বাউন্ডারি ওয়াল, অভ্যন্তরীণ সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে।
পবন চৌধুরী বলেন, বিনিয়োগের জন্য আইনশৃঙ্খলার উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি চট্টগ্রামে জামালউদ্দীন হত্যাকাণ্ডের পর অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। হত্যা, গুমের মতো ঘটনার পর বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রাম হতে রাজধানীসহ আশপাশে বিনিয়োগ সরিয়ে এনেছে। তাছাড়া চট্টগ্রামের বিনিয়োগকারীরাও রাজধানীর আশপাশে বিনিয়োগ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে। বিনিয়োগ সংস্কৃতি চালু করতে হবে।’ তিনি জানান, জামালপুরের অর্থনৈতিক অঞ্চলটির উন্নয়নের কাজ আগামী জুন ২০২০-এর মধ্যে সমাপ্ত হবে এবং শিল্প স্থাপনের কাজ শুরু হবে।