টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেকেই ঝড়ো ইনিংসের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে রোমাঞ্চকর জয় পাইয়ে দিলেন দিলেন রোভম্যান পাওয়েল। শনিবার (২৫ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা পাওয়েল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচের আগে বৃষ্টির কারণে ১১ ওভারে নির্ধারিত হয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস হেরে প্রথমে ব্যাট করে ১১ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তুলে দক্ষিণ আফ্রিকা। ৪টি চার ও ৩টি ছক্কায় ২২ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভিড মিলার। ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল-ওডেন স্মিথ ২টি করে উইকেট নেন। ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলেন ওপেনার ব্রান্ডন কিং। ২টি করে চার-ছয়ে ৮ বলে ২৩ রান করে আউট হন তিনি।
টপ-অর্ডারে কাইল মায়ার্স ৬, জনসন চার্লস ১৪ বলে ২৮ ও নিকোলাস পুরান ৭ বলে ১৬ রান করেন। অধিনায়ক পাওয়েল যখন নামেন তখন শেষ ৬ ওভারে ৬০ রান প্রয়োজন হয় ক্যারিবিয়ানদের। ৫টি ছক্কা ও ১টি চারে ১৮ বলে অপরাজিত ৪৩ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাওয়েল। দক্ষিণ আফ্রিকার মাগালা ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন পাওয়েল।