উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

উত্তরা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল অভিযানকালে রবীন্দ্র সরণি, রাজলক্ষ্মী, সোনারগাঁ জনপথে দুই শতাধিক অবৈধ দোকান, সিঁড়ি, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত হয়। এছাড়া, অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখার অপরাধে সিটি করপোরেশন আইন অনুযায়ী সোনারগাঁ জনপথে ‘নন্দন কানন ডেভেলপারস’ এবং ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর সড়কে ‘সিনথিয়া বিল্ডারস’ এর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।