সিলেটে ৬৫ হাজার হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আনার পরিকল্পনা

প্রতি বোরো মৌসুমে সিলেট জেলায় প্রায় ৬৫ হাজার হেক্টর জমি অনাবাদি থাকে। ফলে বিরাট পরিমাণ ফলন থেকে বঞ্চিত থাকেন কৃষক তথা দেশ। অথচ প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে প্রতি ইঞ্চি ভূমি যেন খালি না থাকে। সেখানে কিছু না কিছু উৎপাদন করতে হবে। 

সিলেট জেলার অনাবাদি জমি কীভাবে চাষের আওতায় আনা যায় সে বিষয়ে এক আলোচনা সভা ২৮ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। জেলা প্রশাসক মো: মজিবর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় আগামী বোরো মৌসুমে জেলার প্রতিটি উপজেলায় ১ হাজার হেক্টর করে মোট ১৩ হাজার হেক্টর অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রতি বছর ১৩ হাজার হেক্টর করে ৫ বছরে ৬৫ হাজার হেক্টর পতিত জমি চাষের আওতায় আনার সীদ্ধান্ত  হয়। এই সীদ্ধান্ত বাস্তবায়িত হলে সিলেট কৃষি ক্ষেত্রে বহুদূর এগিয়ে যাবে।  

এটি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের উপজেলা কৃষি উন্নয়নবিষয়ক কোর কমিটি ও উপজেলা সেচ কমিটির সভা করে অগ্রাধিকার ভিত্তিতে খনন যোগ্য খালের তালিকা পাঠানোর জন্য বলা হয়। 
এছাড়া, পতিত জমিতে আবাদের লক্ষ্যে কৃষকদের যথাসময়ে সার ও বীজ সরবরাহের জন্য বিএডিসিকে নির্দেশনা প্রদান করা হয়। এবং ফসল উৎপাদনে প্রয়োজনীয় সেচ নিশ্চিত করণে বিএডিসি (সেচ), পানি উন্নয়ন বোর্ডে ও এলজিইডিকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। 

সভায় উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, বিএডিসি সেচ, সার, বীজ   প্রকল্প ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া, উপজেলা নির্বাহী অফিসাররা সভায় জুম এপের মাধ্যমে সংযুক্ত ছিলেন।