সরফরাজের প্রতি পিসিবির পূর্ণ আস্থা

পাঁচ ম্যাচের তিনটিতেই হার। একটি জয় ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করে পাকিস্তানের ঝুলিতে এখন ৩ পয়েন্ট। সেমিফাইনালের খেলার স্বপ্নটা প্রায় ফিকে হয়ে আসছে পাকিস্তানের। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮৯ রানের হারটা হতাশা বাড়িয়েছে কয়েকগুণ। এমন বাজে পারফরম্যান্সের জের ধরে সরফরাজ আহমেদের দলকে নিয়ে চলছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক, সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

চলমান উত্তপ্ত অবস্থার মাঝে যেন জল ঢেলে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়েছে পিসিবিও। এমন অবস্থায় পিসিবির চেয়ারম্যান এহসান বলেছেন, সরফরাজ ও তার দলের প্রতি পূর্ণ সমর্থন, আস্থা আছে তাদের।

পিসিবির এক মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন, গত মঙ্গলবার এহসান মানি কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজের সঙ্গে। সেখানে দল ও বিশ্বকাপের অবশিষ্ট ম্যাচ নিয়ে কথা বলেছেন তিনি।

ঐ মুখপাত্র জানান, ‘চেয়ারম্যান সরফরাজকে আশ্বস্ত করেছেন বোর্ড এবং গোটা জাতি তার দলের পাশে আছে। তাদের উচিত ম্যাচের দিকে ফোকাস করা এবং নিজেদের সেরাটা দেয়া।’

এহসান মানি সরফরাজকে বলেছেন, এমন হারের পরও তার দলের প্রতি দেশের বিশ্বাস রয়েছে। সবার চাওয়া বাকি ম্যাচগুলোতে তারা যেন শক্তভাবে ঘুরে দাঁড়ায়। খুব শিগগিরই আইসিসির অতিথি হয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে ইংল্যান্ডে যাবেন পিসিবি চেয়ারম্যান।

পাক সরকারের আরেকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাবেক অধিনায়ক ইমরান খান দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট। তার উপদেশও কানে তুলেনি পাকিস্তান দল। কারণ ভারতের বিরুদ্ধে ইমরান খানের পরামর্শকে গুরুত্ব না দিয়ে আগে ফিল্ডিং করেছিল পাকিস্তান।

এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ম্যানেজার ইন্তিখাব আলম বলেছেন, বিশ্বকাপে এখন পর্যন্ত সরফরাজ বাহিনীর পারফরম্যান্সে কোনো পরিকল্পনা, কৌশল চোখে পড়েনি। তার মতে, প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ইংল্যান্ডে যাওয়ার কোনো দরকার ছিল না। সেখানে দলের অনুশীলন, একাদশ নির্বাচন, দলের আলোচনায় তার অংশগ্রহণ ঠিক হয়নি মনে করেন ইন্তিখাব আলম।

তিনি বলেছেন, ‘যখন নির্বাচকরা দল চূড়ান্ত করেছে এবং তা অধিনায়ক, ম্যানেজমেন্টের কাছে দিয়েছে, আমি মনেকরি না তারপর নির্বাচকরা দলের কাছাকাছি থাকা উচিত। আমি মনেকরি, পিসিবি একটা ভুল করেছে অফিসিয়ালি ইনজামামকে দলের সঙ্গে ইংল্যান্ড পাঠিয়ে এবং দলের অভ্যন্তরীণ বিষয়ে যুক্ত হতে দিয়ে।’