ব্যক্তিগত কারণে স্পেনের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন লুইস এনরিকে। তার বদলে সার্জিও রামোসদের নতুন কোচ হিসেবে এসেছেন এনরিকের দীর্ঘদিনের সহকারী রবার্ট মোরেনো। দলের কোচ হয়ে আসার পর মোরেনো একে এক অম্লমধুর অভিজ্ঞতা হিসেবেই দেখছেন। গেল বছর জুলাইতে স্পেনের কোচ হয়ে আসার পর দলটিকে উয়েফা নেশন্স লিগের শেষ চারে তুলতে ব্যর্থ হয়েছিলেন এই কোচ। এরপর এবছরের মার্চ থেকেই জরুরি পারিবারিক কারণে দলে অনুপস্থিত ছিলেন এনরিকে। প্রায় চার মাসের অনুপস্থিতির পর এবার দায়িত্বই ছেড়ে দিয়েছেন তিনি।
স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস এই ব্যাপারে বলেন, ‘এই ব্যাপারে এনরিকে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। এর জন্যে আমরা কৃতজ্ঞ। আমাদের স্মৃতিতে তিনি অমলিন থাকবেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার যা আমাদের উপর নির্ভর করছে না। আমরা মনে করি এটাই সেরা সিদ্ধান্ত। আমরা নিশ্চিত যে দলও এজন্য প্রস্তুত ছিলো। এনরিকের সঙ্গে আসা রবার্ট এখন দলের কোচ হিসেবে থাকছে।’
এরপর ফেডারেশনকে দেয়া একটি বিবৃতিতে এনরিকে বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘তারা আমার উপর যে বিশ্বাস রেখেছে এবং আমার পরিস্থিতিটা বুঝেছে তার জন্য বোর্ডকে ধন্যবাদ।’
এনরিকে চলে যাওয়ার পর স্পেনে তার শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন তার দীর্ঘদিনের সহকর্মী রবার্ট মোরেনো। তার অন্তর্বর্তীকালীন কোচ থাকার সময়ে টানা তিন ম্যাচ জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সেপ্টেম্বরে রোমানিয়ার বিপক্ষে ইউরো কোয়ালিফায়ারের ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু করবেন তিনি। দলটির নতুন কোচ এই অভিজ্ঞতাকে অম্লমধুর হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘যখন আমার বয়স ১৪ ছিলো তখন থেকেই শীর্ষ পর্যায়ের কোচ হতে চেয়েছিলাম। কিন্তু আমি এটা এভাবে আশা করিনি কখনোই।’