ভেনিজুয়েলায় জাতিসংঘ মানবাধিকার কমিশনার

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার মিশেল ব্যাচলেট বুধবার ভেনিজুয়েলায় পৌঁছেছেন। দেশটি চলমান আর্থিক ও রাজনৈতিক সংকট পর্যবেক্ষণে তিনি এ সফরে গেলেন।

ব্যাচলেট শুক্রবার চূড়ান্ত বিবৃতি দেওয়ার আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর সঙ্গে সাক্ষাত্ করবেন। জাতিসংঘ জানায়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যের ঘাটতি, সরকারি সেবা ও স্বাস্থ্য সুবিধা ব্যবস্থা সেখানে একেবারে মুখ থুবড়ে পড়েছে। এছাড়া ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে ২০১৫ সাল থেকে দেশটির প্রায় ৪০ লাখ মানুষ চলে গেছে। গত জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা দেওয়া গুয়াইদো বলেন, তাঁর সঙ্গে ব্যাচলেটের সাক্ষােক তেল সমৃদ্ধ এ দেশের ‘বিপর্যয়ের স্বীকৃতি’ হিসেবে বিবেচনা করা যেতে পারে। যদিও গুয়াইদোর প্রতিদ্বন্দ্বী মাদুরোর আমন্ত্রণেই তিনি ভেনিজুয়েলায় এসেছেন। মানবাধিকার লঙ্ঘন করে নির্যাতন করা ব্যক্তি ও তাঁদের আত্মীয়-স্বজনের সঙ্গেও ব্যাচলেটের সাক্ষাত্ করার কথা রয়েছে।