চাঁপাইনবাবগঞ্জ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম হত্যা মামলার রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন:জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের আখেরুল ইসলাম, সিরাজুল ইসলাম, চতুরপুর গ্রামের তোহরুল ইসলাম ওরফে টুটুল, রসিকনগর গ্রামের আব্দুল মালেক ও সিরাজুল ইসলাম ওরফে সেন্টু, সাহাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম, চরভবানীপুর গ্রামের শরিফুল ইসলাম ওরফে শরীফ, পারচৌকা গ্রামের মোহাম্মদ মাসুদ ও ছত্রাজিতপুরের আব্দুস সালাম।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-মহারাজপুরের মাসুদ ওরফে লালচাঁন ও রাজশাহীর বেলপুকুর গ্রামের পারুল বেগম। এছাড়া মৃত্যুদণ্ড পাওয়া ৯ জনকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্তদের ২ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাসুদ, আব্দুস সালাম ও পারুল বেগম পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ৪ জনকে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা। এরা হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের সেলিম রেজা, সেনাউল ইসলাম, খাইরুল ইসলাম ও ওবাইদুর রহমান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ অক্টোবর দুপুরে মনিরুল ইসলামকে শিয়ালমারা গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় মনিরুলের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। রায়ের প্রতিক্রিয়ায় রহিমা বেগম জানান, ‘মামলার রায়ে আমি খুশি, আমি চাই দ্রুততম সময়ে এ মামলায় রায় কার্যকর হোক।’