দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতায় অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালকে অপসারনের দাবিতে গত দশ দিন ধরে চলে আসা অচলাবস্থার সুরাহা হচ্ছে। আগামীকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর জরুরী সভায় তার অপসারনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানজনক সুরাহার আশ্বাসে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মবিরতি স্থগিত করেছেন। ধর্ম প্রতিমন্ত্রী এম আবদুল্লাহ ও ধর্ম সচিব গতকাল প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাত করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মন্ত্রী ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রী ইফার কর্মকর্তা কর্মচারিদের মিছিল-মিটিং বন্ধ করে কাজে যোগ দিতে বলেছেন। তিনি চুক্তিভিত্তিক নিয়োগে থাকা ডিজির ব্যাপারে সম্মানজনক সমাধান করতে নির্দেশ দিয়েছেন। আমরা সেই সম্মানজনক সমাধান খুজছি।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক মাহাবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সচিব সাক্ষাত্ করেছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা আমাদের সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।
সামীম আফজালের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবারও ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে বিকালে তা স্থগিত করেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বুধবার সাংবাদিকদের বলেন, সামীম মোহাম্মদ আফজাল ক্যান্সারে আক্রান্ত। তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে গত ১৬ জুন তার পদত্যাগ করার কথা ছিল। তারপরও পদ ছাড়তে রাজি নন। তবে এই মুহূর্তে পদ থেকে সরে দাঁড়ানো ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই।
বিভিন্ন স্থানে বিক্ষোভ: এদিকে দেশের বিভিন্ন স্থানে আফজালকে অপসারনের দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে বলে স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন। বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। একই দিন পটুয়াখালী শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে আলেম ওলামা ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে