বন্দুকযুদ্ধে রাজধানীতে খুনের আসামি, কুমিল্লায় মাদক ব্যবসায়ী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাত নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর।
ঢাকার মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তানভীর আহমেদ অনিক নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। তার বিরুদ্ধে অন্তত আটটি হত্যা মামলা রয়েছে। নিহত অনিকের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সে ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি দল গড়ে শেরেবাংলা নগর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব। র্যাব-২ এর অধিনায়ক মোহাম্মদ আশিক বিল্লাহ জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের বসিলা এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলিতে অনিক নিহত হয়। তিনি বলেন, একদল সন্ত্রাসী কেরানীগঞ্জ থেকে নদী পার হয়ে ভোরে বসিলা এলাকায় আসে। সেখানে র্যাবের একটি টহল দলের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়। গোলাগুলি থামলে গুলিবিদ্ধ ঐ যুবককে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কুমিল্লা : কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তোফায়েল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় পুলিশের ৪ সদস্য আহত হন। গতকাল বৃহস্পতিবার ভোরে কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি সুইচ গিয়ার ছুরি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিহত তোফায়েল নগরীর দক্ষিণ চর্থা এলাকার নোমান ওরফে রোমান ওরফে সবুজের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে মাদক উদ্ধারে অভিযান চালায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী তোফায়েল ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে তোফায়েল গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, নিহত তোফায়েল পুলিশের তালিকাভুক্ত মাদক চোরাকারবারী। তার বিরুদ্ধে থানায় ৬টির অধিক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ :জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে ফতুল্লায় লিপু ওরফে বোমা লিপু নামে এক সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত লিপু ফতুল্লার পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, নারী নির্যাতন, হত্যা চেষ্টা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। বুধবার জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর এনামুল হক লিপুকে গ্রেফতারের পর পুলিশের একটি দল রাতে ফতুল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। দাপা বালুর মাঠ এলাকায় পৌঁছালে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।