অবশেষে মাঠকর্মীরা পেলেন সাকিবের উপহার

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড সিরিজের আগে ইংল্যান্ড সফরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সে সময় দুই ম্যাচে তিনটি পুরস্কার পান সাকিব আল হাসান। তখন একটি পুরস্কার তিনি নিজে না নিয়ে উপহারস্বরূপ দিয়ে দেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের। 

তবে ঘোষণার দুই সপ্তাহ পরও সেই অর্থ কর্মীদের হাতে না আসায় স্টেডিয়ামপাড়ায় গুঞ্জন শুরু হয়, কেউ যেন সেই অর্থ আত্মসাৎ করে নিয়ে গেছে। পরে অবশ্য আসল ঘটনা জানা গেছে।

মূলত, সাকিবের দেওয়া চেকটি ক্যাশ না হওয়ায় সেই অর্থ পেতে অনেকটা বিলম্ব হয়েছে। শেষ পর্যন্ত চেক ক্যাশ হওয়ার পর গত শুক্রবার আয়ারল্যান্ড সিরিজ শেষে সেই অর্থ ২৬ জন মাঠকর্মীর হাতে পৌঁছে দেওয়া হয়। ১ লাখ ৯৫ হাজার টাকার উপহার প্রতিজনে পেয়েছেন সাড়ে ৭ হাজার টাকা করে। মাঠকর্মীদের হাতে এই অর্থ তুলে দেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবু।