রাজীবের দুই ভাই পাবে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ

রাজধানীতে গণপরিবহনের দুটি বাসের রেষারেষিতে হাত বিচ্ছিন্ন হয়ে প্রাণ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসান। দুটি বাসের চালকের বেপরোয়া চালনার কারণেই ঐ দুর্ঘটনা ঘটেছিল বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, হালকা যান চালনার লাইসেন্স থাকার পরেও তারা ভারী যান চালাচ্ছিল। তাদের এই ভারী যান চালনার অনুমতি দিয়েছিল বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষ। ফলে ঐ দুর্ঘটনার দায় কোনোভাবেই এ দুটি পরিবহন কর্তৃপক্ষ এড়াতে পারে না। এজন্য রাজীবের দুই ভাইকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা প্রদান করবে তারা। আগামী দুই মাসের মধ্যে দুই পরিবহন কর্তৃপক্ষকে ২৫ লাখ টাকা করে এ অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হলো। এ সংক্রান্ত রিট আবেদনের রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ডিএজি মোতাহার হোসেন সাজু, রিটকারী রুহুল কুদ্দুস কাজল ও বিআরটিসির পক্ষে মো. মনিরুজ্জামান শুনানি করেন। মো. মনিরুজ্জামান জানান, এ রায়ের বিরুদ্ধে বিআরটিসি আপিল করবে। রায়ে সন্তোষ প্রকাশ করে রাজীবের ছোট ভাই মেহেদী হাসান বাপ্পি বলেন, বাবা-মা নেই, এতিমখানায় বড় হয়েছি। আমার ভাইয়ের মতো আর কোনো ভাইয়ের  যেন এভাবে চলে যেতে না হয় সেটাই চাই।

ছয় মাসের মধ্যে সড়ক পরিবহন

আইন কার্যকরসহ একগুচ্ছ নির্দেশনা

গতকাল হাইকোর্ট রায়ে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সড়ক পরিবহন আইন ছয় মাসের মধ্যে কার্যকর করা ছাড়াও একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় যত্রতত্র বাসে যাত্রী না তোলা, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল বা সংরক্ষিত ও আবাসিক এলাকার সামনে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহনে হর্ন না বাজাতে বলা হয়েছে। অবিলম্বে সরকারকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

রায়ে বলা হয়েছে, ঢাকা মহানগরের প্রতিটি ক্রসিংয়ে ও বাস স্টপেজে চালকরা বেপরোয়াভাবে গণপরিবহন চালাচ্ছে কি না তা নজরদারি করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় চালকদের দৃষ্টিশক্তির পরীক্ষা ও ডোপ টেস্ট করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করবে বিআরটিএ। এছাড়া জোন বা লাইনভিত্তিক বাস রুট ফ্যাঞ্চাইজ করতে হবে। যেখানে সব গাড়িকে একটি কোম্পানির অধীনে নিয়ে এসে একেকটি রুটের জন্য ভিন্ন ভিন্ন রংয়ের বাস সার্ভিস চালু করবে। ছয় মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে সরকারকে বলেছে হাইকোর্ট।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের। মাথায় আঘাত পান তিনি। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ১৭ এপ্রিল মারা যান রাজীব। এ ঘটনায় হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত চিত্রপরিচালক তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৪ কোটি ৬২ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট। ২০১৭ সালে দেওয়া ঐ রায় বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।