চাক্তাই ভেড়া মার্কেট বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই

চট্টগ্রামে আগুনে পুড়েছে নগরীর চাক্তাই ভেড়া মার্কেট বস্তির শতাধিক ঘর। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৩টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ভেড়া মার্কেটের আরেকটি বস্তিতে আগুন লেগে আটজন দগ্ধ হয়ে মারা যান এবং প্রায় দুইশ ঘর পুড়ে ছাই হয়ে যায়। গতকাল এর দক্ষিণ পাশের বস্তিতে আগুন লাগে।